রাজধানীর উওরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে আরও একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তার নাম ফারজানা ইয়াসমিন (৪৫)। তিনি মাইলস্টোনের শিক্ষিকা। এ ঘটনায় এখনো আইসিইউতে ভর্তি রয়েছেন দুইজন।
বুধবার বেলা আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মঙ্গলবার আইসিইউতে তিনজন ছিলেন। তবে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার তাকে এইচডিইউ’তে স্থানান্তর করা হয়েছে। এখন মোট ৩২ জন রোগী ভর্তি আছেন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আর তাদের চেয়ে কম গুরুতর সাতজন সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছেন। বাকিরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছেন।’
নাসির উদ্দিন আরও জানান, হাসপাতালে ভর্তি ৩২ জনের মধ্যে ১৪ জনের শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং বাকিরাও স্থিতাবস্থায় রয়েছে। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে বুধবার পর্যন্ত একেকজন রোগীর একাধিকবার অপারেশন হয়েছে। ছোট-বড় সব মিলিয়ে দগ্ধদের ১৫৮টির মতো অপারেশন করা হয়েছে। গত তিন দিনে কোনো মৃত্যু নেই বলেও জানান তিনি।
বুধবারের পর থেকে বার্ন ইনস্টিটিউটে আর কোনো আনুষ্ঠানিক ব্রিফ হবে না। প্রেস রিলিজের মাধ্যমে প্রতিদিনের আপডেট জানিয়ে দেয়া হবে বলে জানান ইনস্টিটিউটের এই পরিচালক।


