বিশ্বকাপ ফুটবলের আমেজ শুরু হতেই মাদারীপুরের গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ নয়াচর গ্রাম সেজেছে ব্রাজিলের সবুজ-হলুদ রঙে। স্থানীয় সমর্থকদের উদ্যোগে তৈরি ও টাঙানো হয়েছে প্রায় ৮০০ মিটার দীর্ঘ ব্রাজিলের একটি বিশাল পতাকা।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের দক্ষিণ নয়াচর গ্রামের ‘বাবু একাডেমি’ নামের একটি সংগঠনের ব্রাজিল সমর্থকরা এই ব্যতিক্রমী আয়োজন করেছেন। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, চরমোগুরিয়া-নয়াচর ব্রিজ থেকে কুমারটেক এলাকার সড়কের পাশজুড়ে গাছের সঙ্গে ঝুলছে বিশাল আকৃতির ব্রাজিলের পতাকা।
পতাকা তৈরির অন্যতম উদ্যোক্তা ও বাবু একাডেমির সদস্য সফিউল আলম বলেন, ‘ব্রাজিল ফুটবল দলের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা থেকেই আমাদের এই উদ্যোগ। বিশ্বকাপ উপলক্ষে গ্রামের তরুণদের মধ্যে ফুটবলপ্রেম আরও ছড়িয়ে দিতে এবং আনন্দঘন পরিবেশ তৈরি করতেই এমন আয়োজন করেছি।’
আয়োজক কমিটির সদস্য তন্ময় জানান, প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে ৩৫ থান কাপড় ব্যবহার করে পতাকাটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘গ্রামের তরুণরাই নিজেদের অর্থ ও শ্রম দিয়ে পুরো কাজ সম্পন্ন করেছে। কাপড় কেনা, সেলাই করা থেকে শুরু করে রাস্তার পাশে টাঙানো—সবকিছুই স্থানীয় সমর্থকদের উদ্যোগে হয়েছে।’
চরমোগুরিয়া ব্রিজ থেকে কুমারটেক ব্রিজ পর্যন্ত সড়কের একটি দীর্ঘ অংশজুড়ে টাঙানো এই পতাকা দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। অনেকে ছবি তুলছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করছেন।
স্থানীয়রা মনে করছেন, খেলাধুলাকে কেন্দ্র করে তরুণদের এমন সৃজনশীল উদ্যোগ প্রশংসার দাবিদার। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই এ আয়োজন পুরো গ্রামে উৎসবের আবহ তৈরি করেছে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে।
তবে শুধু ব্রাজিল সমর্থকরাই নন, পিছিয়ে নেই আর্জেন্টিনা ভক্তরাও। দুই দলের সমর্থকদের মধ্যে চলছে বন্ধুত্বপূর্ণ খুনসুটি।


