মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার মাদারীপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে মাদারীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময়, রাজধানী বেকারি নামের একটি বেকারি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য উপকরণ ব্যবহার, পঁচা ডিম সংরক্ষণ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সকল পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরিতে ব্যবহৃত রঙিন কাগজ ও ফ্লেভারের প্রয়োজনীয় সনদ না থাকা, খাবার মেঝেতে রাখা, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার এবং কাঁচামালের ক্রয়-বিক্রয়ের চালান প্রদর্শনে ব্যর্থ হওয়ার মতো একাধিক অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া তালহা ফুড প্রোডাক্ট নামের আরেকটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে জানানো হয়, সন্তোষজনক পরিবর্তন না হলে ভবিষ্যতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মামলা করা হবে।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদারীপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামসহ আনসার সদস্যদের একটি দল।


