বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর মাঠে গড়াতে বাকি আর মাত্র এক দিন। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টের। কিন্তু একের পর এক বিদেশি ক্রিকেটাররা নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ার হিড়িক লেগেছে যেন।
সিলেট টাইটান্স হয়ে মাঠে নামার আগেই বিপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোন্স। এই দুই বিদেশি ক্রিকেটারকে নিলাম থেকে দলে টেনেছিল নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।
বুধবার রাত ১০টা .২৪ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট টাইটান্স জানায় ব্যক্তিগত কারণে খেলতে পারছেন না লংকান অলরাউন্ডার ম্যাথিউস। তাকে নিলাম থেকে ২৫ হাজার ডলারে কিনেছিল সিলেট। অন্যদিকে জোন্স আসবেন না, যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে অনাপত্তিপত্র না পাওয়ায়। এই দুজনের সরে যাওয়ার দিনে নতুন সাইনিং হিসেবে আফগানিস্তানের হযরতউল্লাহ যাযাইয়ের নাম ঘোষণা করেছে সিলেট।
অবশ্য সিলেটই প্রথম নয়। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বিভিন্ন কারণে সরে গেছেন চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার শ্রীলংকার নিরোশান ডিকভেলা, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও পাকিস্তানের আবরার আহমেদ। স্টার্লিং নিজেকে সরিয়ে নিয়েছেন ইনজুরির কারণে। ডিকভেলা আর আবরার পাননি অনাপত্তিপত্র।


