গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলামে তাকে নিয়ে কাড়াকাড়িই পড়ে গিয়েছিল। তিন ফ্র্যাঞ্চাইজির নিলাম যুদ্ধে জিতে ৫২ লাখ টাকায় ‘বি’ ক্যাটাগরি থেকে মোহাম্মদ মিঠুনকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। এবার তার কাঁধে অধিনায়কের দায়িত্বও তুলে দিল ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলকে সামনে রেখে রোববার পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে ঢাকা। প্রথম দিনের অনুশীলন শুরুর আগে টিম হাডলে মিঠুনের মাথায় অধিনায়কের ক্যাপ পরিয়ে দেন দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ।
বিপিএলের গত আসরে চিটাগং কিংসকে ফাইনালে তোলা অধিনায়ক এবার নতুন দলের দায়িত্ব পেয়ে সংবাদ মাধ্যমে বলেন, ‘উনারা আমাকে যোগ্য মনে করেছেন। আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার এবং আমাদের আল্টিমেট যে গোল সেই গোলের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে।’
দলে তাসকিন আহমেদ, সাইফ হাসানের মতো জাতীয় দলের তারকারা থাকার পরেও মিঠুনই কেন অধিনায়ক? এই প্রশ্নের জবাবে ঢাকার প্রধান নির্বাহী আতিক জানান, অধিনায়কত্বের যোগ্য বেশ কজন ক্রিকেটার থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাদের বেশ বেগই পোহাতে হয়েছে।
আতিক বলেন, ‘আমাদের প্রত্যেকটা প্লেয়ারই আসলে ক্যাপ্টেনসি করার যোগ্য। আপনি হয়তো দেখেছেন এই যে আমাদের সাইফ আছে, তাসকিন আছে, ইমাদ ওয়াসিম আছে, আরো অনেকেই আছে। তো আমাদের ম্যানেজমেন্ট বা কোচিং প্যানেলেরও বেশ কষ্ট পোহাতে হয়েছে কাকে ক্যাপ্টেনসি দিব।’
তবে মিঠুনের গত বছরের সাফল্যই ঢাকার ম্যানেজমেন্টকে বাধ্য করেছে মিঠুনকে অধিনায়ক হিসেবে বেছে নিতে। টুর্নামেন্ট জুড়ে দারুণ ধারাবাহিক ক্রিকেট খেলে ফাইনালে উঠেছিল মিঠুনের নেতৃত্বাধীন চিটাগং, যারা এবারের বিপিএলে নেই। কিন্তু ফাইনালে ফরচুন বরিশালের কাছে হেরে রানার আপ হয় মিঠুনের দল।
তবে ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী এবার আশা করছেন, তাদের হয়ে গত আসরের অপূর্ণতা ঘোচাতে পারবেন মিঠুন। তিনি বলেন, ‘মিঠুন ভাইয়া গত বছর ফাইনালে নিয়ে গিয়েছিল দলকে। তো আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে, আমরা কাপ নিয়ে যাব। তো সেই প্ল্যান থেকেই হচ্ছে আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে হচ্ছে মিঠুন ভাইকে দেওয়ার। তো আমরা আশাবাদী, উনি যেরকম দলকে গত বছর ফাইনালে নিয়ে গিয়েছে, এবার ইনশাআল্লাহ একসাথে কাপসহ নিয়ে যাবে।’


