বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শরু হচ্ছে বিনোদনমূলক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। একক গান, লোকগান, পুঁথি পাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য ও আড্ডার সমন্বয়ে সাজানো অনুষ্ঠানটি প্রতি মাসেই নতুন পর্ব প্রচারিত হবে।
অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন রশিদ সাগর। প্রযোজনায় আছেন ইয়াসির আরাফাত। ‘অভিনন্দন’-এর বিশেষ আকর্ষণ হিসেবে এবারের অনুষ্ঠানের গল্প-আড্ডা পর্বে অংশ নেবেন প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। এ পর্বে তাকে বিশেষভাবে অভিনন্দন ও সম্মান জানানো হবে।
সংগীত পর্বে থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের কণ্ঠে একটি নতুন গান। পাশাপাশি লোকসংগীত পরিবেশন করবেন শিল্পী শফি মন্ডল, শাহনাজ বেলী ও ডলি মন্ডল।
এছাড়াও জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে পুঁথি পাঠ করবেন আরিফ দেওয়ান। সমসাময়িক সামাজিক বাস্তবতা নিয়ে অনুষ্ঠানে থাকছে গুজব বিষয়ক একটি ছোট নাটিকা।
বিনোদনের পাশাপাশি সংস্কৃতি ও সচেতনতার মেলবন্ধনে সাজানো ‘অভিনন্দন’ অনুষ্ঠানটি দর্শকদের জন্য উপভোগ্য একটি আয়োজন হয়ে উঠবে বলে জানান সংশ্লিষ্টরা।


