ঘরোয়া ক্রিকেটের ভরপুর মৌসুম। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর চলছে বিসিএল ওয়ানডে ভার্সনও। কিন্তু কোথাও নেই আনামুল হক বিজয়। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্থানীয় ক্রিকেটারদের নিলামের তালিকায় থাকলেও তাকে-সহ মোট নয় জন ক্রিকেটারকে বাদ দেয়া হয় চূড়ান্ত তালিকা থেকে। বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের দেয়া রিপোর্টের ভিত্তিতেই নিলামের বাইরে রাখা হয় তাদের।
এসব নিয়ে এতদিন চুপচাপ থাকলেও মঙ্গলবার নিজে থেকেই এক সংবাদ সম্মেলন ডাকেন বিজয়। সেখানেই তিনি জানান, তার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ না হওয়ার পরেও কেন তাকে বাইরে রাখা হয়েছে, সেটাই বুঝতে পারছেন না।
সংবাদ সম্মেলনে বিজয় বলেন, ‘আমি সোজা একটা কথা বলি, আমার ক্রিকেট খেলার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত না ওনারা আমাকে সম্মান ফেরত দিচ্ছেন, সসম্মানে সবাইকে জানাচ্ছে যে, বিজয় অপরাধী না, বিজয়ের পারিশ্রমিক শোধ হয়েছে, বিজয়ের সঙ্গে (ফিক্সিংয়ের ব্যাপারে) যা হয়েছে, এই নামগুলো ভুলে এসেছে, সন্দেহের তালিকায় ছিল এখন জিনিসটা সুন্দর (সমাধান) হয়ে গেছে, সব ধরনের খেলাও খেলতে পারবে। সুন্দর করে বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলব।’
বিপিএল না খেললেও চলতি বাংলাদেশ ক্রিকেট লিগ ওয়ানডে ভার্সনে তার খেলার কথা ছিল সাউথ জোনের হয়ে। কিন্তু ওমরাহ করতে ব্যস্ত থাকায় খেলেননি এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টে না খেললেও নিজের সম্মানকেই প্রাধান্য দিচ্ছেন ৩৩ বছর বয়সী এই ওপেনার।
বিজয় বলেন, ‘এই বিসিএল খেললে এমন কি! এর আগেও আমি বহুত সেঞ্চুরি করেছি। এ মাঠে আমার অনেক সেঞ্চুরি আছে। অন্য জায়গায় যেখানেই খেলি অনেক সেঞ্চুরি আছে। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক পেয়েছি, আলহামদুলিল্লাহ! আমার এখন সম্মান দরকার। সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। সেটা আমি আবার ফেরত পাইতে চাই।”


