রাজধানী ঢাকার হাতিরঝিলের একটি নির্মাণাধীন ভবন থেকে তাহেদী আক্তার (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পশ্চিম উলন এলাকার ওই ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানি থেকে মৃত শিশুটিকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
জানা গেছে, কুমিল্লার তিতাস উপজেলার আলীরগাঁও গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে তাহেদী। পরিবারটি থাকে পশ্চিম উলন ১২/১/এ নম্বর বাসায় থাকে।
শিশুটির চাচা মো. স্বপন মিয়া জানান, মঙ্গলবার রাতে তাহেদীর মা যখন তারাবির নামাজ পড়ছিলেন, তখন সে বাসা থেকে বাইরে খেলতে বের হয়েছিল। এরপর রাত সাড়ে ১১টার দিকে তার বাবা বাইরে থেকে এসে মেয়েকে না পেয়ে খুঁজতে শুরু করেন।
পরে এক পর্যায়ে পাশের নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্যে মেয়েকে পড়ে থাকতে দেখেন তিনি।
সঙ্গে সঙ্গে সেখান থেকে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয় এবং খবর পেয়ে পুলিশ বাসা থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্বপন মিয়া বলেন, ‘আমার ভাতিজি যদি পানিতে পড়ে মারা গিয়ে থাকে, তাহলে তার পেট ভর্তি পানি থাকবে। অথচ তার পেটে কোন পানি নেই। মুখের মধ্যে অনেক খানি বিস্কিটের গুড়া রয়েছে। পানি খেলেতো সেগুলো মুখে থাকার কথা না। এই মৃত্যু নিয়ে আমাদের সন্দেহ আছে। সিসিটিভি ফুটেজ দেখা গেলেই বুঝা যাবে, সে একা বাসা থেকে বের হয়েছে নাকি কেউ নিয়ে গেছে।’
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, মরদেহে কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে কোন ভাবে লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্যে পড়ে গিয়ে শিশুটি মারা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।


