সুনামগঞ্জে ট্রাক চাপায় মা-মেয়েসহ সিএনজি চালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ-ইসকনের ভক্ত। এরই মধ্যে ওই ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিহতরা হচ্ছেন-সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা (৪০), তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী ও নবী নগর এলাকার সিএনজি চালক সজল ঘোষ (৫০)।
জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী জানান, শুক্রবার সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জগামী একটি ট্রাক দ্রুত গতিতে সিলেটমুখী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি পাশের একটি খাদে পড়ে যায়। স্থানীয়দের দাবি, ট্রাক চালক নেশাগ্রস্ত ছিলেন।

ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী কেশবা ও চালক সজল নিহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এঘটনায় ট্রাকের চালক পারভেজ আহমেদকে (৩০) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। তিনি দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের বাসিন্দা।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার আগেই দুর্ঘটনা কবলিত সবাই মারা যান।
ওসি সুমন কুমার চৌধুরী বলেন, ‘শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মরদেহ রাখা আছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’


