দেশে বিপন্ন হতে বসা নদীগুলো রক্ষায় নদী সম্পদ মন্ত্রণালয় গঠন এবং ২৩ মে জাতীয় নদী দিবস করার দাবি জানিয়েছে নদী রক্ষা ও পরিবেশ বিষয়ক সংগঠন নোঙর ট্রাস্ট।
শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আন্ত:সীমান্ত নদী বিষয়ক এক আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।
সভায় নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ‘নদী দখল, দূষণ ও নাব্যতা সংকটে অস্তিত্ব বিপন্ন হওয়ায় নদী রক্ষায় জাতীয় নদী দিবস ঘোষণা এবং নদী সম্পদ মন্ত্রণালয় গঠন করা আবশ্যক।’
২৩ মে নদী দিবস ঘোষণা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘এটি নদী রক্ষায় জনসচেতনতা বাড়াবে, নৌপথের নিরাপত্তা নিশ্চিত করবে এবং নদীকে ঐতিহ্য, সংস্কৃতি ও “জীবন্ত সত্তা” হিসেবে স্মরণীয় করে রাখবে। পাশাপাশি, দিবসটি নদীকেন্দ্রিক অর্থনীতির গুরুত্ব তুলে ধরে জীবিকা রক্ষায় সহায়ক হবে।’
নদীগুলো কার্যকরভাবে সুরক্ষা ও ব্যবস্থাপনার জন্য নদী সম্পদ মন্ত্রণালয় গঠন অত্যাবশ্যক বলে মনে করেন নোঙর ট্রাস্টের চেয়ারম্যান।
তিনি বলেন, ‘বর্তমানে বিভিন্ন সংস্থার মধ্যে কাজ বিভক্ত থাকায় সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাব দেখা যায়। একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠিত হলে একক কর্তৃপক্ষ সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করে দখল-দূষণ রোধে কঠোর ব্যবস্থা নিতে পারবে।’
নদী সম্পদ মন্ত্রণালয় গঠন করা হলে মন্ত্রণালয়টি নাব্যতা বৃদ্ধি ও দূষণ রোধে মহাপরিকল্পনা প্রণয়ন, আন্তর্জাতিক পানি বণ্টন চুক্তিতে কার্যকর ভূমিকা এবং সরাসরি জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।


