বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত পঞ্চম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার বিকেএসপির মহাপরিচালক মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের স্বাগত জানান তিনি। মুনীরুল ইসলাম বলেন, ‘এই প্রতিযোগিতা তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে নিজেদের প্রস্তুত করার সুযোগ করে দেবে। বিকেএসপি সব সময়ই নতুন প্রতিভা গড়ে তুলতে বদ্ধপরিকর।’
এবারের প্রতিযোগিতায় পাঁচটি বিশ্ববিদ্যালয় দল, একটি একাডেমি দল, একটি জেলা পর্যায়ের দল ও বিকেএসপির দুটি দলসহ মোট নয়টি দল অংশ নিয়েছে।
অংশগ্রহণকারী দলগুলো হলো–ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহীর ফরহাদ বাস্কেটবল একাডেমি, খুলনা ক্রীড়া সংস্থা, বিকেএসপি-এ এবং বিকেএসপি-বি দল।
উদ্বোধনী ম্যাচে বিকেএসপি দল ৬৬-২৬ পয়েন্টে হারিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। আর আরেক ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৭১-৭০ পয়েন্টে পরাজিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে।
টুর্নামেন্টের ফাইনাল আগামী ২১ অক্টোবর বিকেএসপির ইনডোর কোর্টে অনুষ্ঠিত হবে।


