ক্রিস্টিয়ানো রোনালদোর বোন কাতিয়া আভেইরো জানিয়েছেন, ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকার জন্য এটাই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। বৃহস্পতিবার পর্তুগালের স্পোর্টভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের নকআউট পর্বে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তার এই মন্তব্য ফুটবল অঙ্গনে বেশ আলোড়ন তৈরি করেছে।
পর্তুগিজ মহাতারকার বিদায়ের ইঙ্গিত দিয়ে কাতিয়া আভেইরো বলেন, ‘আমার কাছে যে তথ্য আছে, সেই অনুযায়ী আপনারা বিদায়ের প্রস্তুতি নিতে পারেন, কারণ আমি বিশ্বাস করি এটাই তার শেষ বিশ্বকাপ। তাই এই সময়টা উপভোগ করুন। আমি বিশ্বাস করি আজ (ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে) তার বিদায় ঘটছে না, তবে সেই সময়টা ঘনিয়ে এসেছে।’
‘আমার দৃঢ় বিশ্বাস, এটাই তার শেষ বিদায়। তাই সবাই এটি মন ভরে উপভোগ করুন, কারণ তার মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে। আমি কিন্তু পর্তুগাল জাতীয় দল থেকে এখন তার অবসরের কথা বলছি না। তবে বিশ্বস্ত সূত্রে আমার কাছে যে তথ্য আছে, তা থেকে আমার বিশ্বাস- এটিই তার ‘দ্য লাস্ট ড্যান্স’ (শেষ নৃত্য)। সুতরাং, চলুন আমরা এটি উপভোগ করি।’
সমালোচকদের একহাত নিয়ে তিনি আরও যোগ করেন, ‘যারা ফুটবল বোঝেন, যারা ফুটবল ভালোবাসেন, তাদের অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদোকে পছন্দ করতে হবে। যারা তাঁকে পছন্দ করে না, তারা ফুটবলকেই ভালোবাসে না।’
চলতি বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদো ইতোমধ্যেই দুটি রেকর্ড ভেঙেছেন। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করার অনন্য কীর্তি গড়েছেন এবং ইউসেবিওকে ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা (১০টি গোল) হয়েছেন।
তবে গ্রুপ পর্বের অন্য দুটি ম্যাচে এই তারকা ফুটবলারকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আর তা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন তার বোন, ‘রোনালদো গত ২০ বছরেরও বেশি সময় ধরে হাড়ভাঙা খাটুনি খাটছে। একটু তাকিয়ে দেখুন আমরা কোথা থেকে উঠে এসেছি। আমাদের অতীতে যে লড়াই করতে হয়েছে, আমার ভাইকে যা যা সহ্য করতে হয়েছে, আমার মা যেসব অর্জন করেছে এবং অতীতে আমরা যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছি–তারপরেও কি আপনারা ভাবেন এই ধরনের মন্তব্য বা কথাবার্তা আমাদের গায়ে লাগবে? আপনারা কি মনে করেন এই সমালোচনাগুলো আমাদের অগ্রগতি বা আমাদের সুখে বাধা দেবে? কখনোই নয়।’


