যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে তিনি ‘সেরা চুক্তি’ নিশ্চিত করা পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত।
তিনি বলেন, তেহরানের সঙ্গে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে তার কোনো তাড়া নেই। বরং তিনি চান একটি ‘দীর্ঘস্থায়ী’ চুক্তি।
একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে নৌ-অবস্থানে যুক্তরাষ্ট্র স্পষ্ট শর্ত দিয়েছে, যা গোটা বিশ্বের প্রাধান্য হওয়া উচিত।
এদিকে বৃহস্পতিবার লেবাননে আরও তিন সপ্তাহ যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, ইরানসমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের কারণেই ইসরায়েলের সঙ্গে লেবাননের সংঘর্ষ সমাধানে বেগ পেতে হচ্ছে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালিতে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পসের নিয়ন্ত্রণ নিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা রয়েছে।
একদিন আগে বুধবার ইরান গুরুত্বপূর্ণ এই নৌপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার ঘোষণা দেয় এবং একাধিক নৌযানে গুলি চালানোর পাশাপাশি দুটি জব্দ করে।
তবে হরমুজ প্রণালিতে টহলে থাকা ইরানের ছোট নৌযানগুলোকে ‘গুরুত্বহীন’ বলে উড়িয়ে দেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের নেতৃত্বে অস্থিরতা থাকায় দেশটি কার্যকর কোনো চুক্তিতে পৌঁছাতে পারছে না।
এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের দাবি প্রত্যাখ্যান করেন। তিনি একে ‘শত্রুপক্ষের সংবাদমাধ্যমের অপপ্রচার’ বলে উল্লেখ করে বলেন, ‘প্রতিপক্ষের উদ্দেশ্য ইরানের ঐক্য ও নিরাপত্তাকে দুর্বল করা।’
সূত্র: রয়টার্স


