প্রতি বছর ব্যাপক উৎসাহের সঙ্গে সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা ও মনসা পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। তবে এবার মেলার আয়োজন করা হয়নি।
বুধবার সকালে শহরের পলাশপোলের গুড়পুকুর পাড়ের বটতলাস্থ মনসাতলায় মন্দির কমিটির আয়োজনে পুজা অনুষ্ঠিত হয়। মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের এই দিনে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন হয়। পূজা উপলক্ষে পলাশপোল মোড়ে দূর-দূরান্ত থেকে আসা দোকানিরা নানা পসরা ও মিষ্টি-মিঠাই সাজিয়ে বসেন।
তবে, এ বছর মেলার কোনো উদ্যোগ নেয়নি সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ। ফলে এবার ঐতিহ্যবাহী গুড়পুকর মেলাটি হয়নি।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘জাতীয়ভাবে যেকোনো মেলা নিষিদ্ধ থাকায় গুড়পুকুর মেলার অনুমতি দেওয়া হয়নি।’
সাতক্ষীরার প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা যেন একেবারে লুপ্ত হয়ে না যায়, তাই প্রতিবছর ছোট পরিসরে হলেও এ মেলা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ ঐতিহ্যকে ধরে রাখতে ব্যবস্থা নিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।


