গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব প্রধান রিপনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পলাশবাড়ী থানায় যুবদলের কর্মী সভায় হামলা, হত্যার চেষ্টা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার তালুকজামিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি রিপন মনোহরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, রিপনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এরই মধ্যে পলাশবাড়ী থানায় যুবদলের কর্মী সভায় হামলা ও হত্যার চেষ্টা এবং সদর থানায় জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়। সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে, ২০ সেপ্টেম্বর রাতে রিপনের গ্রেপ্তার ঠেকাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে পাহারায় দাঁড়ান গ্রামবাসীরা। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
অভিযোগ ওঠে, রিপনের গ্রেপ্তার ঠেকাতে গ্রামবাসীর ওই পাহারার ঘটনাটি ছিল সাজানো নাটক। ঘটনার পর তার পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়। এরই মধ্যে রিপনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে, যদিও তিনি আত্মগোপনে ছিলেন।


