চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা।
ঘোষণা অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় কেন্দ্রে প্রবেশ করবেন পরীক্ষার্থীরা। পরীক্ষা চলবে বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিট মিলিয়ে ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে ২ লাখ ৩৩ হাজার ৩২৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। এর বাইরে ৫৬৮ আসন কোটা হিসেবে বরাদ্দ রয়েছে।
এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য থাকছে না পোষ্য কোটা।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী অঞ্চলের আলাদা কেন্দ্রের তথ্য জানা যাবে। আসনবিন্যাস দেখতে প্রবেশপত্রের কিউআর কোডও স্ক্যান করতে বলা হয়েছে।
এ বছর বহুনির্বাচনি পদ্ধতিতে সব ইউনিটের ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ডি-১ উপ-ইউনিট বাদে সব ইউনিটেই পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। ডি-১ উপ-ইউনিট পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫।
‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ।
চার অনুষদে মোট সাধারণ আসন ১ হাজার ৯৩টি। সবচেয়ে বেশি আবেদন এসেছে এই ইউনিটে। এই ইউনিটে মোট আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৪ জন।
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে মোট ৬৯০টি। এই ইউনিটে আবেদন করেছেন ৬৯ হাজার ২৮৭ শিক্ষার্থী।
অন্যদিকে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে বিভাগ রয়েছে ছয়টি। এতে সাধারণ আসন ৫১০টি। এই ইউনিটে মোট আবেদন করেছেন ১৬ হাজার ৯২৫ শিক্ষার্থী।
‘ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষ ও গবেষণা বিভাগ ও জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগ রয়েছে। এতে মোট আসন রয়েছে ৮৪৯টি। এই ইউনিটে আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৫০৬ টি।
এ ছাড়া শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ নিয়ে গঠিত ‘ডি-১’ উপইউনিটে আসন রয়েছে ৪০টি। এতে আবেদন করেছেন ১ হাজার ৪২১ শিক্ষার্থী।
নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগ নিয়ে গঠিত ‘বি-১’ উপইউনিটে আসন রয়েছে ১৩৫টি। এই উপইউনিটে আবেদন করেছেন ১ হাজার ৬৪৫ শিক্ষার্থী।
আরবী, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত ‘বি-২’ উপইউনিটে আসন রয়েছে ২৮০টি। এই উপইউনিটে আবেদন করেছেন ৪ হাজার ৮৪৯ শিক্ষার্থী।
আগামী ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৫ জানুয়ারি ডি-১, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চবিসহ চট্টগ্রামের বাইরে দুইটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের বাইরে কেন্দ্রগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।


