রাজধানীতে চাঁদা না দেওয়ায় মিরপুর সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের যাত্রীবাহী বাসে গুলি ও আগুনের ঘটনার মূল হোতা নেছার ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে মিরপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে শনিবার তাদের থানায় হস্তান্তর করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনা শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে ৪ অস্ত্রধারী।
কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে নামিয়ে দেওয়া হয় বাসে থাকা যাত্রীদের। চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় বাসে। এ সময় পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বাসচালক ও হেলপারকে। সিসিটিভি ফুটেজে পুরো দৃশ্য দেখা গেছে।
বাস মালিক কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত নেছার কয়েক মাস যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি মহল।
এর আগে এক কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় কাফরুল থানায় নেছার উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিল আলিফ পরিবহন। এতে তিনি ক্ষুদ্ধ হন।
এ ঘটনার জড়িত গাংচিল বাহিনীর পিন্টু এখনো ধরা পড়েনি বলে দাবি করছেন পরিবহন শ্রমিকরা।


