কী দারুণ এক সেঞ্চুরি! গেম অ্যাওয়ারনেস, পরিস্থিতি বিচারে কী দুর্দান্ত এক ইনিংস! পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে হ্যারি ব্রুক দেখালেন, এই ফরম্যাটের ব্যাটিংটা ঠিক কীভাবে করতে হয়। মঙ্গলবার পাল্লেকেলেতে পাকিস্তানের দেয়া ১৬৫ রানের লক্ষ্য ইংল্যান্ড টপকে গেল ব্রুকের ৫১ বলে ঠিক ১০০ রানের ইনিংসে। তিন উইকেটের এই জয়ে একইসাথে প্রথম দল হিসেবে পৌঁছে গেল সেমিফাইনালে।
২০১৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচ আসরে নিশ্চিত হলো ইংলিশদের সেমিফাইনাল। রান তাড়ায় নেমে ৫৮ রানের মধ্যে প্রথম চার ব্যাটারকে হারালেও টিকে ছিলেন অধিনায়ক ব্রুক। প্রথমবার ব্যাট করতে নেমেছেন তিন নম্বর পজিশনে, তবে তার ব্যাটিংয়ে ছিল না কোনো জড়তা। খেলেছেন পরিস্থিতির দাবি মিটিয়ে, দলের যখন যেভাবে প্রয়োজন সেভাবেই গড়ে তুলেছেন ইনিংস। পুরোপুরি বাউন্ডারি নির্ভর ব্যাট করেননি, ৩৬ রান বের করেছেন সিংগেল-ডাবলসে। বাকি ৬৪ নিয়েছেন বাউন্ডারি থেকে।
১৭ তম ওভারের শেষ বলে শাহীন শাহ আফ্রিদির লো ফুলটসে বোল্ড হওয়ার আগে অবশ্য কার্যোদ্ধার করে গেছেন এই ডানহাতি ব্যাটার। ৫০ নম্বর বলে শাহীনকে লং অফে তুলে মেরে বাউন্ডারি আদায় করে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। একইসাথে দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে হয়েছেন বিশ্বকাপে সেঞ্চুরিয়ান। সব মিলিয়ে তৃতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করলেন ব্রুক।
১০ চার ও চার ছক্কায় ৫১ বলে ১০০ রানের ইনিংস খেলে ব্রুক যখন আউট হন, তখন এগিয়ে গিয়ে তার পিঠ চাপড়ে দিয়েছেন শাহীন। ধারাভাষ্যকক্ষে রমিজ রাজা, নাসের হুসাইনরাও ছিলেন প্রশংসায় পঞ্চমুখ। এমনই মহিমা এই ইনিংসের। হবে না-ই বা কেন। টপ অর্ডারের ব্যর্থতার পর যেভাবে পুরো দায়িত্ব নিজের ব্যাটে তুলে নিয়েছেন, তাতে ম্যাচ সেরার পুরস্কারটাও তারই প্রাপ্য ছিল।
কতটা দারুণ ব্যাট করেছেন ব্রুক? শেষ ছয় ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৪৮ রানের, পরের তিন ওভারে বাকি থাকে মাত্র ৯ রান। অবশ্য এরপরই নাটকীয়তা যা একটু ঘটেছে, মোহাম্মদ নওয়াজের এক ওভারে উইল জ্যাকস আর জেমি ওভারটনের উইকেট পড়ার। শেষ ওভারের প্রথম বলে অবশ্য চার মেরে সেসব শঙ্কা, হারের সম্ভাবনা উড়িয়ে দিয়ে দলকে জিতিয়েছেন জফরা আর্চার। বাকিদের ব্যর্থতার সন্ধ্যা ব্রুকসের সাথে লড়াই করেছেন উইল জ্যাকস, ২৩ বলে ২৮ রানের ইনিংস এসেছে তারর ব্যাট থেকে।
এবারের আসরে নিজের সেরা বোলিং ফিগার নিয়ে মাঠ ছাড়লেও আফসোস থেকে গেছে শাহীনের। ৪ ওভার বল করে ৩০ রানে ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ২৭ রানে পড়েছে সাইম আইয়ুব আর সালমান আগার উইকেট। বাবর আজমের সাথে ৪৬ রানের জুটি হয় এরপর ওপেনার সাহিবজাদা ফারহান। ২৫ রান করা বাবরের বিদায়ের পর লড়াই যা করেছেন এই ফারহানই। আগের ম্যাচে সেঞ্চুরি করা এই ব্যাটার ৪৫ বলে খেলেছেন ৬৩ রানের ইনিংস। মাঝে ফখর জামানের ২৫ আর শাদাবের ১১ বলে ২৩ রানের ইনিংসে ১৬০ পেরোনো সংগ্রহ পায় পাকিস্তান।
সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়াতে পাকিস্তানের সেমির সম্ভাবনা এক প্রকার শেষই হয়ে গেছে বলা চলে। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১। যদিও আগামী ২৮ ফেব্রুয়ারি শ্রীলংকাকে হারাতে পারলে কাগজে কলমে টিকে থাকবে সেমির স্বপ্ন।


