ধর্মের অপব্যাখা করে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

ধর্মের অপব্যাখা করে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্সে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ধর্মের অপব্যাখ্যা করে দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘ধর্মের বিষয়ে শুধু প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যায় গ্রহণযোগ্য। কোনো অপব্যাখ্যাকে গ্রহণ করা হবে না।’

শুক্রবার বিকালে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটির আয়োজন করে ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন (ইকরা)।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘এমন কোনো কাজ করব না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত হয়। আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কোরআনের উর্বর জমিন। প্রতিবছর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদের হাফেজ ও ক্বারীরা পুরস্কার অর্জন করছেন–এটি জাতির জন্য গর্বের বিষয়।’

আরও পড়ুন

ইসলামিক ফাউন্ডেশনের বাছাই প্রক্রিয়ার প্রশংসা করে তিনি বলেন, ‘এর নিখুঁততার কারণে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য আসে।’

হাফেজ, ক্বারী, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য আরও কী ধরনের সুবিধা বৃদ্ধি করা যায়, সে বিষয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘ইসলাম, কোরআন-হাদিস, কবর, হাশর, জান্নাত-জাহান্নামসহ ইসলামি জ্ঞানের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেবেন যোগ্য ও হাক্কানী আলেমরা। অজ্ঞতার কারণে ভুল ব্যাখ্যা দিলে বিভ্রান্তি, উত্তেজনা ও ধর্ম অবমাননার মতো সমস্যা তৈরি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা আইন হাতে তুলব না, বিচারের দায়িত্বও নিজের হাতে নেব না। বিচার ব্যবস্থার জন্য আদালত ও সরকার আছে।’ সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইকরার সভাপতি শেখ ক্বারী আহমেদ বিন ইউসুফ আল-আযহারী সভাপতিত্ব করেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ, পুলিশের বিশেষ শাখার ডিআইজি এজাজ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হারুনুর রশিদ বক্তব্য দেন।

সম্মেলনে বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূত, মিশন প্রধান, খ্যাতনামা ক্বারী এবং আলেম-ওলামারা অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad