বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার দুপুরে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করা হলো।
হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
দীর্ঘদিন লন্ডনে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পর বাংলাদেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সহযোগীর দায়িত্বে রয়েছেন হুমায়ুন কবির।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে জানিয়েছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের একটি আসন থেকে অংশ নিতে পারেন তিনি।


