বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আয়োজিত মহাসমাবেশে উপস্থিত হয়ে তাদের দাবি ও আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, ‘অবিলম্বে আন্দোলনরত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই শিক্ষাকে জাতীয়করণ করা হবে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার ঘোষিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ যথেষ্ট নয়। শিক্ষকদের শুধু বাড়িভাড়া ভাতা নয় আরও অন্যান্য বিষয়ে সরকারকে বিবেচনা করতে হবে।’
‘শিক্ষকরা ন্যায্য দাবিতে আন্দোলন করছেন। তাই তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি এবং ভবিষ্যতেও শিক্ষকদের পাশে থাকব। শিক্ষকদের যেন কোনো কারণে আন্দোলনে না আসতে হয়,’ যোগ করেন তিনি।
শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে উল্লেখ করে এ্যানি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের আগেই বলেছেন, নির্বাচনের বিএনপি সরকার গঠন করলে সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে।’
গত ১২ অক্টোবর থেকে শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ ও শাহবাগ মোড় অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছেন।


