আইসিসির সাথে কয়েক দফায় বৈঠক, চিঠি চালাচালি ও দীর্ঘ আলোচনা শেষেও কোনোকিছুই নিজেদের পক্ষে আনতে পারেনি বিসিবি। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে ভারতে বাংলাদেশের কোনো নিরাপত্তা শঙ্কা নেই এবং বিশ্বকাপ খেললে ভারতেই খেলতে হবে তাদের। এর সাথে বুধবারের বৈঠক শেষে সরকারের সাথে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বেধে দিয়েছে একদিনের ডেডলাইন।
এর মধ্য ঘনিষ্ঠ একটি সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাথে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের এক বৈঠকের আয়োজন করেছে বিসিবি। বিসিবি কর্মকর্তাদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
মূলত নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেয়ার জন্য আইসিসিকে অনুরোধ জানায় বিসিবি। এমনকি ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে অদলবদলের প্রস্তাবও দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুলরা। কিন্তু বুধবার ক্রিকেট খেলুড়ে পূর্ণ ও সহযোগী সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠক শেষে বিসিবির সব অনুরোধই নাকচ করে দিয়েছে আইসিসি।
আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, এই সিদ্ধান্তে মূল প্রভাবক ছিল পূর্ণ সদস্য দেশগুলোর ভোটিং, যেখানে বেশিরভাগ ভোটই পড়েছে বাংলাদেশের ভেন্যু সরিয়ে নেয়ার বিপক্ষে। শেষ পর্যন্ত ভারতে খেলতে না গেলে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে ‘সি’ গ্রুপে খেলানোর পরিকল্পনা তাদের।
নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ নিয়ে সৃষ্ট এই অনিশ্চয়তার মধ্যে এখনো ক্রিকেটারদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি বিসিবি। মঙ্গলবার টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস নিজেই নিশ্চিত করেছেন এই কথা। এবার ডেডলাইনের দিনে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বক্তব্য, বিশ্বকাপ নিয়ে ভাবনা জানতে ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা তাদের সাথে বসছেন আলোচনায়।


