সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হলেও বিএনপি তাকে নিরাশ করেনি। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা সিকদার (ঠাকুর)। সংরক্ষিত আসনে সোমবার বিএনপির মনোনয়নপ্রাপ্তদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
জানা গেছে, ২০২৩ সালে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন সুবর্ণা সিকদার (ঠাকুর)। এরপর ২০২৪ সালের সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে দলীয় আবেদন ফরম সংগ্রহ করেন। তবে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি।
এবার আর ব্যর্থ হননি সুবর্ণা সিকদার। বিএনপির মনোনয়ন চেয়ে সফল হয়েছেন।
সুবর্ণা শিকদার টাইমস অব বাংলাদেশকে বলেছেন, “অনুমতি না নিয়েই আওয়ামী লীগের কমিটিতে তার নাম দেওয়া হয়েছিল। তবে ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।
নিজেকে মতুয়া ঐক্য জোটের প্রধান উপদেষ্টা দাবি করে ২০২৫ সালের ৭ নভেম্বর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় হিন্দু জোটের সম্মেলন উদ্বোধন করেছিলেন সুবর্ণা সিকদার। তিনি জানান, সেই সম্মেলনে বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন।


