জুলাই সনদ, গণভোট ও জাতীয় নির্বাচনসহ চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি জানান, উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই তিনি বিএনপি মহাসচিবকে আলোচনায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিবের সঙ্গে মোবাইল ফোনে তার কথা হয় বলে টাইমস অব বাংলাদেশ-কে নিশ্চিত করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদ দেশের বর্তমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের মধ্যে সংলাপের উদ্যোগ নিতে বলেছে। তাই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি।’
এ বিষয়ে দলের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


