তালেবান সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজত নেতা মামুনুল হক এবং হেফাজতের নায়েবে আমির আব্দুল হামিদসহ (মধুপুরের পীর) দেশের ছয়জন আলেম আফগানিস্তান সফরে গেছেন। বুধবার সকালে তারা আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—হেফাজত নেতা আব্দুল আউয়াল, আব্দুল হক, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মনির হোসাইন কাসেমী এবং মাহবুবুর রহমান।
সফরকালে প্রতিনিধি দল ইমারাতে ইসলামিয়া (তালেবান) সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
বিশেষভাবে, মানবাধিকার এবং নারী অধিকার নিয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা আফগানিস্তানের বাস্তব অবস্থা সরাসরি পরিদর্শন করবেন।
সফরকালে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া, সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পরিকল্পনাও রয়েছে।


