‘বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সই বিএনপির ভুল’

‘বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সই বিএনপির ভুল’
ঢাকার বাংলামোটরে এনসিপি’র দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সই করে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই ভুল অন্যের ওপর না চাপিয়ে দলটিকে তার মাসুল দেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার ঢাকার বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সনদে এনিসিপির সইয়ের বিষয়ে তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের ড্রাফট দেওয়া হলে তা দেখে আমরা স্বাক্ষরের সিদ্ধান্ত নেব।’ নাসীরুদ্দীন জানান, গণভোট যে সময়ই হোক না কেন এনসিপি শুভকামনা জানাবে কিন্তু তা অবশ্যই সুষ্ঠু প্রক্রিয়ায় হতে হবে।

এনসিপিকে প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে নাসীরুদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশনের যদি জোর থাকে তাহলে তারা আমাদের শাপলা ছাড়া প্রতীক দিক, দেখি তাদের কত জোর।’

সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আরও পড়ুন

দাবিগুলো হলো- ঐকমত্য কমিশনের সুপারিশ করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি (প্রস্তাব-১) গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে, সংবিধান সংস্কার বিল খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তিসম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষরের ব্যাপারে অগ্রগতি তৈরি হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই সনদ কেবল রাজনৈতিক সমঝোতার দলিল নয় তাই এর দৃঢ় আইনি ভিত্তি থাকতে হবে। আইনি ভিত্তিসম্পন্ন বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই স্বাক্ষরের বিবেচনা করবে জানিয়েছে এনসিপি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ঐকমত্য কমিশন সংস্কারকে দুই ভাগে ভাগ করেছে। সংবিধানবহির্ভূত সংস্কারগুলো প্রজ্ঞাপন ও অধ্যাদেশে দ্রুত বাস্তবায়ন সম্ভব। এসব বাস্তবায়নে সময় নষ্ট না করার পরামর্শ দেয় দলটি।

এনসিপির দাবি, সংবিধান সংশ্লিষ্ট সংস্কারই মূল চ্যালেঞ্জ। এ জন্য কমিশনের প্রস্তাবিত প্রস্তাব–১ গ্রহণ করতে হবে সরকারকে। এ সময় প্রস্তাব–১ এর কিছু ভাষাগত অস্পষ্টতা দূর করার আহ্বান জানায় এনসিপি। পাশাপাশি গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত প্রণয়ন ও জনসমক্ষে উন্মুক্ত করতেও বলে দলটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad