বাগেরহাট কারাগারে বন্দি থাকা ২৩ জন ভারতীয় জেলে তিন মাস নয় দিন পর মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাগেরহাট জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মো. সেলিম এবং বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. রাশেদুল ইসলাম রানা।
এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে। পরে আটক জেলেদের মংলা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাদের আদালতে হাজির করলে বাগেরহাট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মোস্তফা কামাল জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে কারাগারে বন্দি থাকা ২৩ জন ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
মুক্তিপ্রাপ্ত জেলেদের মধ্যে ১৪ জন ভারতের পশ্চিমবঙ্গের ও নয়জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানান তিনি।
কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে জেলেদের হস্তান্তর করা হবে।


