নোয়াখালীর চাটখিল উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুই রাউন্ড তাজা গুলিসহ মো. নাঈম ইসলাম (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তিনি যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
সোমবার রাত আনুমানিক ২টার দিকে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামে এ অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার সকালে তাকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, ৩৫ এসটি ব্যাটালিয়নের চাটখিল পাঁচগাঁও ক্যাম্পের যৌথ বাহিনীর একটি দল সুন্দরপুর গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে হঠাৎ অভিযান চালায়। তল্লাশির সময় সেখান থেকে দুই রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উদ্ধারকৃত গুলিসহ আটক নাঈম ইসলামকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


