‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’। বাংলা সিনেমা, সিরিজ ও ওয়েব ফিল্মকে প্রাধান্য দিয়ে ২১ মে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে এই প্ল্যাটফর্মটির।
সংশ্লিষ্টরা জানাচ্ছেন, দেশের প্রেক্ষাগৃহে নতুন কোনো সিনেমা মুক্তির পর সবচেয়ে আগে দেখা যাবে প্ল্যাটফর্মটিতে। শুধু তা নয়, নতুন-পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে তারা।
প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি বলেন, ‘বাংলা কনটেন্টকে আরও সহজ, আরও আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলা ভাষার দর্শকরা সহজেই নতুন সিনেমা ও তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন। দেশে সিনেমা হল কমে এসেছে। প্রতিটি জেলায় সিনেমা হল না থাকায় দর্শকরা নতুন নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, বাংলা সিনেমা পৃথিবীরজুড়ে মুক্তি পেলেও এখনো অনেক অনেক প্রবাসীরা হাতের নাগালেই নতুন বাংলা সিনেমা দেখার সুযোগ পাননা। তাদের জন্য আমাদের উৎসব প্লাটফর্ম নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে।
প্রযুক্তিগত সুবিধার দিক থেকেও এগিয়ে থাকতে চায় প্ল্যাটফর্মটি। প্রথম দিকে দর্শকরা সরাসরি উৎসবের ওয়েব সাইটে ভিজিট করে কনটেন্ট উপভোগ করতে পারবেন। পরবর্তীতে গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও পাওয়া যাবে এই প্ল্যাটফর্মের সেবা।


