আইসিসির সঙ্গে দুই দফায় বৈঠকের পরও বদলায়নি বিসিবির সিদ্ধান্ত। নিরাপত্তা শঙ্কায় ভারতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় আছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। শনিবার অনুষ্ঠিত আইসিসির প্রতিনিধি দলের সাথে সর্বশেষ সভায় গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচের ভেন্যু ভারতের বাইরে নিয়ে যাওয়ার সাথে বিকল্প হিসেবে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের সাথে অদলবদলের অনুরোধও জানিয়েছে বিসিবি।
অপেক্ষা এবার আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের। ইএসপিএনক্রিকইনফোর বরাতে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আইসিসি।
সর্বশেষ সেই বৈঠকের পর বিসিবি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আয়ারল্যান্ডের সাথে গ্রুপ অদলবদল করে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলংকায় সরিয়ে নেয়ার আর্জি জানিয়েছেন তারা। তখন আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও ক্রিকবাজ জানায়, বাংলাদশের সাথে গ্রুপ বদলে রাজি নয় আয়ারল্যান্ড। সাথে এটাও নিশ্চিত করেছে, আইসিসি থেকে তারা সেই আশ্বাসও পেয়েছে।
শনিবার মূলত আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভের সঙ্গেই বিসিবির দেড় ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি ফারুক আহমেদ, সাখাওয়াত হোসেন ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। আইসিসির পক্ষে থেকে ভার্চুয়ালি যোগ দেন ইভেন্ট ও কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা।


