দুইদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার সকাল ৯ টা ৪৫ মিনিটে তিনি হেলিকপ্টারে করে পাবনায় পৌঁছান।
শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া মো. সাহাবুদ্দিন এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসেরও রাষ্ট্রপতি। গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম তার রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবনের বাইরে গেলেন রাষ্ট্রপতি।
ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিদেশে বেশ কিছু সফরের আমন্ত্রণ থাকলেও সেখানে যাওয়ার সুযোগ পাননি তিনি। উপস্থিত হননি সামাজিক কোনো অনুষ্ঠানে। আচার্য হিসেবে দায় থাকলেও যাননি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। চিকিৎসার জন্যও যেতে পারেননি বিদেশে।
দেড় বছর বঙ্গভবন থেকে বেরিয়ে সরকারি সফরে পাবনায় গেলেন রাষ্ট্রপতি।
এর আগে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে তার সফরসূচি তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, শনিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পাবনার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে আরিফপুর কবরস্থানে রাষ্ট্রপতি তার মা-বাবার কবর জিয়ারত করবেন।
কবর জিয়ারতের পর পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাবেন মো. সাহাবুদ্দিন। দুপুরের পর আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে রাতযাপনের জন্য সার্কিট হাউসে ফিরবেন। সেখানে নিকটাত্মীয়রা তার সঙ্গে দেখা করবেন।
পরদিন রোববার সকালে আবার হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি।
অতীতে নিজের জেলা সফরের সময় সেখানে সাজ সাজ রব পড়লেও এবার পাবনায় তেমন কোন আয়োজন নেই।


