পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ছাত্র অপূর্ব পাল ওরফে অপূর্ব রাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।
পুলিশ অপূর্ব পালকে মঙ্গলবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে ৪ অক্টোবর মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অপূর্ব পালকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে অপূর্ব পালকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়।


