মৌসুমী বৃষ্টির সঙ্গে হঠাৎ শুরু হওয়া বজ্রপাতের তাণ্ডবে একদিনে ছয় জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নরসিংদীতে অজু করার সময় তিন মাদ্রাসাছাত্র, সাভারে খেতে কাজ করার সময় তিন কৃষক, মানিকগঞ্জে দুই কৃষক, জামালপুরে এক কৃষক এবং নেত্রকোনা ও কিশোরগঞ্জে দুইজনের মৃত্যু হয়।
রোববার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পৃথক এই বজ্রপাত ও মৃত্যুর ঘটে।
নরসিংদীতে অজু করার সময় ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
নরসিংদীর মনোহরদীতে মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে।
মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, আহত চারছাত্রকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ছাত্রকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাভারে খেতের মালিকসহ ৩ কৃষকের মৃত্যু
ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে খেতের মালিকসহ তিনজন কৃষকের মৃত্যু হয়েছে। বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে খেতের মালিক দ্বীন ইসলাম (৫৪) বলিয়ারপুর পাচানি পাড়ার বাসিন্দা। অপর দুই দিনমজুরের মধ্যে একজনের নাম দুলাল (৬০) জানা গেলেও, অন্যজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
সাভার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যান এবং গুরুতর আহত দ্বীন ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
মানিকগঞ্জে ২ কৃষকের মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের কবির হোসেন (৩০) ও শহিদুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে ওই দুই কৃষক মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সাভারের হেমায়েতপুরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
জামালপুরে ঘাস কাটার সময় বৃদ্ধ কৃষকের মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জে গরুর জন্য ঘাস কাটার সময় বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।
বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনায় মাঠ থেকে গরু আনতে গিয়ে যুবকের মৃত্যু
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর সমবেদনা জানিয়েছেন।
কিশোরগঞ্জে হাওরে নৌকায় মাঝির মৃত্যু
কিশোরগঞ্জের নিকলীতে উলাবাইরা চর হাওরে চলন্ত নৌকায় বজ্রপাতে বাবুল সরকার (৪৫) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। নিহত বাবুল নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা।
তিনি আশুগঞ্জ থেকে ধান বিক্রি করে স্টিলবডি নৌকায় বাড়ি ফিরছিলেন। বৃষ্টি শুরু হলে নৌকায় থাকা অন্যরা পাটাতনের নিচে আশ্রয় নিলেও মাঝি বাবুল ওপরেই অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।
আকস্মিক বজ্রপাতে একদিনে এতগুলো প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবাইকে ঘরের ভেতর বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।


