আদিত্য ধরের পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখন বক্স অফিসে অপ্রতিরোধ্য। মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের তুমুল প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। ইতিবাচক এই প্রতিক্রিয়ার সরাসরি প্রভাব পড়েছে সিনেমার আয়ের অংকে। মাত্র আট দিনেই ৬৬৭ কোটি টাকার মাইলফলক পেরিয়ে ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছে রণবীর সিং অভিনীত এই ছবি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুক্তির অষ্টম দিনে রাত ১০টা পর্যন্ত সিনেমাটি আয় করেছে প্রায় ৪৩.২৫ কোটি রুপি। ফলে ভারতে ৮ দিনে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৬৬৭.২২ কোটি রুপি। এর মাধ্যমে রণবীর সিং অভিনীত সিনেমাটি শাহরুখ খানের ‘জওয়ান’ (৬৪০.২৫ কোটি) এবং প্রভাস-দীপিকার ‘কল্কি ২৮৯৮ এডি’ (৬৪৬.৩১ কোটি)-র মোট আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে।
মুক্তির প্রথম দিনেই ১০২.৫৫ কোটি রুপি আয় করে চমক দেখিয়েছিল ছবিটি। এরপর ধারাবাহিকভাবে বড় অংকের ব্যবসা করে যাচ্ছে। ভাষাভিত্তিক আয়ের হিসেবে হিন্দি সংস্করণ থেকে এসেছে সবচেয়ে বেশি (৪০.৬০ কোটি), এরপরই রয়েছে তেলুগু (১.৯৭ কোটি) ও তামিল (৬৮ লাখ) সংস্করণ।
রণবীর সিং ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন এবং সারা অর্জুন। একদল সমালোচক সিনেমাটিকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে অভিহিত করলেও বক্স অফিসে এর জয়যাত্রা থামানো যাচ্ছে না। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন রেকর্ড ভাঙতে সক্ষম হয় এই ‘ধুরন্ধর’।


