১৯৭৫ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিয়মিত আয়োজন করছে ‘নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’। বহু বরেণ্যশিল্পী এ প্রদর্শনীর মাধ্যমে পরিচিতি লাভ করেছেন। আয়োজনটির ২৪তম আসর শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে।
বিষয়টি জানাতে বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। আরও ছিলেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন, চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল প্রমুখ।
১২ দিনব্যাপী প্রদর্শনীটির উদ্বোধন হবে বৃহস্পতিবার বিকাল ৪টায়। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. আব্দুস সাত্তার এবং অধ্যাপক মোস্তাফিজুল হক। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক।
প্রথম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন ও বরেণ্য চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান। এবারের আয়োজনটি ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় চিত্রশালার ২, ৩, ৪, ৬ ও ৭ নম্বর গ্যালারিতে অনুষ্ঠিত হবে।
এবার ২১ থেকে ৩৫ বছর বয়সী ৬৮১ জন শিল্পীর ১৩৯৩টি শিল্পকর্ম থেকে বাছাই কমিটি ১৯১ জন শিল্পীর ২১৫টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচন করেছে। এতে চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম অন্তর্ভুক্ত রয়েছে। বাছাই কমিটির সদস্য হিসেবে ছিলেন শিল্পী অধ্যাপক নাইমা হক, শিল্পী তরুণ ঘোষ, শিল্পী ড. মোহাম্মদ আলী, শিল্পী আজমীর হোসাইন, শিল্পী আসমিতা আলম শাম্মী।
২টি বিশেষ কিউরেটেড শিল্প-উপস্থাপনা এবারের আয়োজনের বিশেষ সংযোজন। একাডেমির আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা অনুষদ এবং শিল্পশিক্ষা প্রতিষ্ঠান বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) তাদের শিল্পকর্মের ‘কিউরেটেড শো’ উপস্থাপন করবে।
আয়োজনে নতুন সংযোজন ১২ জন আমন্ত্রিত তরুণ শিল্পীর কিউরেটেড উপস্থাপনা ‘রূপান্তর’। আন্তর্জাতিক দৃশ্যশিল্পের প্রদর্শনীতে বাছাইকৃত শিল্পীদের এমন কিউরেটেড প্রদর্শনীর প্রচলন দীর্ঘদিনের হলেও শিল্পকলা একাডেমির উদ্যোগে এবারই প্রথম। কিউরেটর মঞ্জুর আহমেদের অধীনে আরও ৩ জন সহকারি কিউরেটর এই ‘কিউরেটেড শো’ সম্পন্ন করেছে।
বাছাইকৃত ১৯১ জন শিল্পীকে ১০টি শিল্পকর্মের জন্য পুরস্কার প্রদান করা হবে। যার মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার ‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার ২০২৫’ হিসেবে দুই লক্ষ টাকা ও ১টি গোল্ড কোটেড মেডেল, ২য় পুরস্কার দেড় লক্ষ টাকা, ৩য় পুরস্কার নগদ এক লক্ষ টাকা এবং সম্মানসূচক পুরস্কার ৭টি প্রতিটির মূল্যমান পঁচাত্তর হাজার টাকা। নীতিমালাতে সম্মানসূচক পুরস্কার ৫টি থাকলেও জুরিদের সুপারিশে ও মহাপরিচালকের তা বৃদ্ধি করা হয়েছে।
পুরস্কার মনোনয়নে বিচারকমণ্ডলীর সভাপতি হিসেবে ছিলেন অধ্যাপক মোস্তাফিজুল হক। বিচারকদের অন্য সদস্যরা হলেন শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম, চারুশিল্পী আনিসুজ্জামান সোহেল ও ইয়াসমিন জাহান নূপুর, শিল্পী ইমাম হোসেন সুমন।


