কুমিল্লায় কোনো অপরাধ বা আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না দিয়ে থানায় অভিযোগ করার আহ্বান জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. লুৎফর রহমান। এ ছাড়া ফেসবুকে ঘটনাকে বাড়িয়ে বলা হয় বলে মন্তব্য করেন তিনি।
সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও সেবামূলক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিতকরণবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, ‘আমরা অভিযান পরিচালনা করছি। আমরা কিশোর গ্যাং, ছিনতাইকারী, মাদক এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। আমরা পাঁচ দফায় অভিযান পরিচালনা করি। এতে প্রায় ২ হাজার ৪২ জনকে আটক করি।’
তিনি বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ফেসবুকে পোস্ট না দিয়ে থানায় অভিযোগ করবেন অথবা ৯৯৯-এ কল দেবেন। তখন অফিসার যেতে বাধ্য। আপনি আমাদের অভিযোগ না দিলে আমি পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারছি না। আপনারা অভিযোগ করলে তারা দৃঢ়চিত্তে ডিউটি পালন করবে। আমরা চেষ্টা করছি আপনাদের নিরাপত্তার জন্য।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম. এম. শরীফুল করীম।
সভায় কুমিল্লা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা ওয়াসা, কুমিল্লা মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। শতভাগ নিশ্চয়তা হয়তো করা সম্ভব নয়, এটা আমিও জানি। কিন্তু আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আপনাদের ওপর অর্পিত সরকারি ও সামাজিক দায়িত্ব থেকে যদি সাড়া দিই, আমি মনে করি পরিস্থিতির অনেকটুকু উন্নয়ন আমরা ঘটাতে পারব।’
তিনি কুবির আশপাশের সড়ক সংস্কার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান। পাশাপাশি বেলতলী আন্ডারপাসের কাজ দ্রুত শেষ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে নেমে আসা ঝুঁকিপূর্ণ অ্যাপ্রোচ সড়ক সংস্কারের আহ্বান জানান।
সভায় কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন অংশীজনরা।


