তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও দীর্ঘ পাঁচ মাস পর আলোর মুখ দেখল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর হামলার তদন্ত প্রতিবেদন। শাহবাগ থানার হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অবশেষে জমা দেওয়া হয়েছে।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক সাক্ষাৎকালে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাচার্য জানান, শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপের জন্য এটি ইতিমধ্যেই সিন্ডিকেটে পাঠানো হয়েছে। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপন করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি বলেন, ‘আমাদের ওপর হামলার প্রায় পাঁচ মাস পর আজ আমরা দেখতে পেয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার পর দেশব্যাপী যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেই চাপের কারণেই হয়তো তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।’
দীর্ঘ পাঁচ মাসেও তদন্ত শেষ না হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডুজার সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, ‘তদন্ত কমিটি একাধিক পক্ষের সাক্ষ্যগ্রহণ ও সমন্বয়ের অজুহাত দিলেও আমরা মনে করি, প্রশাসনের সদিচ্ছা ও তৎপরতার অভাব ছিল। প্রশাসন শুরু থেকেই তৎপর হলে এক থেকে দেড় মাসের মধ্যেই বিচার সম্পন্ন হতে পারত।’
তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার বিচার দ্রুত হলে পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা করার সাহস কেউ পেত না। তাই এই বিচারহীনতার সংস্কৃতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও দায় এড়াতে পারে না।’
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনকালে শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ সাংবাদিক আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সহকারী প্রক্টর মাহবুব কায়সারকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হয়নি।


