চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৬ দিন আগে কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন আকাশ দাশ।
মঙ্গলবার তাকে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান।
গত বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন আকাশ দাশ।
২১ অক্টোবর চাকসু বিজয়ীদের গেজেট প্রকাশিত হবার পর ২৩ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ সম্পৃক্ত ঘটনায় দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি তিনি।
বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি তদন্ত শেষে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাশকে ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পরই তাকে শপথ গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘আজকে আকাশ দাসকে শপথ গ্রহণ করানো হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে। একবারে শপথ গ্রহণ না করানোর চেয়ে করানো ভালো।’
চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, ‘আজকে ১২টায় আকাশ দাসকে শপথ গ্রহণ করানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২৩ অক্টোবর নির্বাচিতদের শপথ গ্রহণের মধ্য দিয়ে চাকসুর বর্তমান কমিটি দায়িত্ব নেয়। সে হিসাবে বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে আর ১৭ দিন বাকি রয়েছে।


