চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে চার দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এসব দাবি জানানো হয়।
আলোচনায় চাকসুর কার্যনির্বাহী সদস্য আকাশ দাশকে শপথ পড়ানোর ঘটনায় প্রশাসনের সমালোচনা করেন ছাত্রশক্তির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের আপত্তি উপেক্ষা করে আকাশ দাশকে শপথ পড়ানোর মাধ্যমে প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তার শপথ বাতিলের দাবি জানান তারা।
আলোচনায় জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. ইসমাইল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো–শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলক্রসিং এলাকায় দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপন, শিক্ষার্থীদের জন্য অন-ক্যাম্পাস পার্টটাইম কর্মসংস্থানের সুযোগ চালু, আবাসিক হলের সিট বণ্টনে স্বচ্ছ নীতিমালা বাস্তবায়ন এবং আকাশ দাশের শপথ বাতিল।
ছাত্রশক্তির নেতারা বলেন, রেলক্রসিং এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে ঝুলে আছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক সংকট বিবেচনায় অন-ক্যাম্পাস পার্টটাইম চাকরির সুযোগ চালু এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
আলোচনায় ছাত্রশক্তির নেতারা বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবিতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবিগুলো বাস্তবায়নে গড়িমসি করা হলে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।


