কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে পবিত্র রমজান মাসের প্রথম দিনটা কাটল জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিলের।
বৃহস্পতিবার রোহিঙ্গা শিশু-কিশোরদের সাথে ফুটবল খেলেছেন ক্যাম্পের মাঠে আকাশী-নীল জার্সি গায়ে। অত বড় এক ফুটবলারকে দেখে সবাই তাই গর্জনও তোলে তার নামে। এখানেই শেষ নয়, তাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেছে অনেকেই, সেলফি তুলতেও ভোলেনি কেউ। এরপর দিনের শেষটা হয়েছে ইফতারের মাধ্যমে।
তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোয়ানের ছেলে নেকমোদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার কক্সবাজার পৌঁছান ওজিল। এর আগের দিন তুরস্ক সরকারের সহযোগী সংস্থা টিকার প্রকল্পের অধীনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মুর্তজা মেডিকেল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন তিনি।
কক্সবাজারেও তুরস্ক সরকারের আর্থিক সহযোগিতায় পরিচালিত বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন ওজিল। চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখার পর রোহিঙ্গাদের খোঁজ খবরও নিয়েছেন জার্মানির সাবেক এই ফুটবলার।
দিন ব্যাপী কার্যক্রমের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেকমোদ্দিন বিলাল এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রপতি পুত্রে বলেন, ‘২০১৭ সালের রোহিঙ্গা–সংকটের শুরু থেকেই তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে ছিল এবং আছে। আমার মা-বাবাও রোহিঙ্গাদের পাশে দাঁড়ান। তাদের জন্মভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’


