ঝিনাইদহে নিখোঁজের একদিন পর এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জের বাদুড়গাছা গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিশুটির নাম তাবাচ্ছুম (৫)। সে মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। নজরুল ইসলাম তার পরিবার নিয়ে কয়েকমাস যাবত বারোবাজার এলাকার বাদেডিহি গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকেন। তিনি বারোবাজারের একটি দর্জির দোকানে কাজ করেন ও তার স্ত্রী হালিমা খাতুন ওয়েভ ফাউন্ডেশন এনজিওতে চাকরি করেন বলে জানিয়েছে পুলিশ।
নজরুল ইসলাম বলেন, ‘বুধবার দুপুর আড়াইটার পর থেকে তাবাচ্ছুম নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে না পেয়ে রাতে থানায় জিডি করি। আমার এতটুকু মেয়েকে কী কারণে কারা হত্যা করলো, দ্রুত রহস্য উদঘাটন করে হত্যাকারীদের শাস্তির দাবি জানাই।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সকালে স্থানীয় একজন কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে রক্তমাখা বস্তা দেখে স্থানীয়দের জানান। ওই কৃষক মাঠে একটি স্যালো মেশিন চালান। মেশিনের স্টার্টার হ্যান্ডেল ও গ্রিজ মবিল একটি ব্যাগে ভরে তিনি ওই সেপটিক ট্যাংকের পাশে লুকিয়ে রাখতেন। ব্যাগটি নিতে গিয়েই তিনি বস্তাটি দেখতে পান বলে পুলিশকে জানিয়েছেন।’
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


