উত্তরের জেলা পঞ্চগড়ে টানা আট দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকন শীতে চরম ভোগান্তিতে পড়েছেন এ জেলার মানুষ।
শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ এবং গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘আজ সকাল ৯টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি আজ দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ নিয়ে টানা আট দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো।’ তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে বিভিন্ন এলাকা। কোথাও কোথাও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যাচ্ছে। সড়ক ও মহাসড়কে যান চলাচলেও কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এ জেলার নিম্ন আয়ের মানুষজন। দিনমজুর, চা শ্রমিক, পাথর শ্রমিকরা শীতের কারণে নিয়মিত কাজে যেতে পারছেন না। এদিকে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।


