কক্সবাজারের টেকনাফে বন থেকে লোকালয়ে খাদ্যের সন্ধানে এসে পানিভর্তি বড় গর্তে পড়ে যায় দুটি বন্যহাতি। পরে বন বিভাগ, হাতি উদ্ধারকারী দলের (ইআরটি) সদস্য ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় হাতি দুটিকে উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে টেকনাফ রেঞ্জের মধ্যহ্নীলা বিটের আওতাধীন হোয়াইক্যংয়ের কম্বনিয়াপাড়া মনুমিয়ার ঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কম্বনিয়াপাড়াসংলগ্ন বন থেকে খাদ্যের সন্ধানে দুটি বন্যহাতি লোকালয়ে চলে আসে। একপর্যায়ে হাতি দুটি এলাকার একটি বড় পানির গর্তে পড়ে আটকা পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে বন বিভাগের কর্মী ও উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর হাতি দুটিকে গর্ত থেকে উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।
বুধবার রাত ১১ টার দিকে টেকনাফ রেঞ্জের মধ্যহ্নীলা বিট কর্মকর্তা মো. হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মধ্যহ্নীলা বিটের আওতাধীন এলাকায় একটি বড় পানির গর্তে দুটি বন্যহাতি পড়ে গিয়েছিল। খবর পেয়ে বন বিভাগের কর্মী, হাতি উদ্ধারকারী দলের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাতি দুটিকে উদ্ধার করা হয়। পরে সেগুলোকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা অসীম বাড়ৈ বলেন, ‘হাতি দুটি মাঝবয়সী। খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে পানির গর্তে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা, বন বিভাগের কর্মী ও উদ্ধারকারী দলের সম্মিলিত প্রচেষ্টায় হাতি দুটিকে উদ্ধার করে বনে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। হাতি দুটি সুস্থ রয়েছে।’
স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে বন বিভাগের এ কর্মকর্তা।


