নারী উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত সরকার। তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায় সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) প্রাঙ্গণে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) এ আয়োজন করে।
মাহবুবা ফারজানা বলেন, ‘সরকার নারী উদ্যোক্তাদের সুবিধা দেওয়ার জন্য মুখিয়ে আছে। বর্তমান সরকার সবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। নারী উদ্যোক্তাদের সঙ্গেও হাতে হাত রেখে কাজ করতে চায় সরকার।’
নারী উদ্যোক্তাদের পণ্যের মান উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের ওপর গুরুত্ব দেন তিনি। বলেন, ‘আমাদের পণ্য ভালো হলে এবং মানসম্মত হলে বিদেশের বাজার পাওয়া যাবে। বিদেশের বাজার ধরতে হবে। নারীদের এআইভিত্তিক কাজ শুরু করতে হবে। হাতের শৈল্পিক কাজ আরও বাড়াতে হবে। নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আবদুন নাসের খান বলেন, উদ্যোক্তা হওয়ার চেয়ে উদ্যোগ টিকিয়ে রাখা কঠিন। ব্যবসা পরিচালনায় নানা প্রতিকূলতা মোকাবিলার দক্ষতা অর্জন করতে হবে। এসব সমস্যা সমাধানের উপায় জানাতেই এ ধরনের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, ‘আমরা চাই, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য ছোট পরিসরে সীমাবদ্ধ না থেকে দেশের বড় বড় আউটলেটে পৌঁছাক। একই সঙ্গে এসব পণ্য বিদেশের বাজারেও জায়গা করে নিক।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য নাসরিন ফাতেমা আউয়াল।
তিন দিনব্যাপী জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্যমেলা আগামী রোববার পর্যন্ত বিআইএম প্রাঙ্গণে চলবে।


