কানাডায় স্থায়ী বসবাসে (পিআর) ইচ্ছুক এমন অভিবাসনপ্রত্যাশীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় নতুন নিয়ম কার্যকর হয়েছে।
৩ নভেম্বর থেকে কার্যকর হওয়া এ পরিবর্তনের ফলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (এলএমআইএ) ছাড়াই চাকরির প্রস্তাবের ভিত্তিতে কমপ্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেমে (সিআরএস) অতিরিক্ত পয়েন্ট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, নতুন নিয়মে উচ্চ বেতনের যোগ্য পেশায় চাকরির প্রস্তাব অথবা কানাডায় অর্জিত কাজের অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত সিআরএস পয়েন্ট দেওয়া হবে। তবে একজন আবেদনকারী চাকরির প্রস্তাব ও কানাডীয় কাজের অভিজ্ঞতা, দুই ক্ষেত্রের পয়েন্ট একসঙ্গে পাবেন না। যে ক্ষেত্রে বেশি পয়েন্ট পাওয়া যাবে, সেটিই তার স্কোরে বিবেচিত হবে।
নতুন নিয়ম অনুযায়ী, চাকরির প্রস্তাবের ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশার নির্ধারিত মধ্যম মজুরির দ্বিগুণ বা তার বেশি বেতন হলে ১০০ সিআরএস পয়েন্ট পাওয়া যাবে। দেড় গুণ বা তার বেশি বেতন হলে মিলবে ৭০ পয়েন্ট। আর মধ্যম মজুরির ১ দশমিক ৩ গুণ বা তার বেশি বেতন হলে পাওয়া যাবে ৫০ পয়েন্ট। তবে নির্ধারিত বেতনের শর্ত পূরণ না হলে চাকরির প্রস্তাবের জন্য কোনো অতিরিক্ত পয়েন্ট দেওয়া হবে না।
অন্যদিকে, কানাডায় অন্তত ১২ মাসের যোগ্য কাজের অভিজ্ঞতা থাকলে পেশার বেতনস্তর অনুযায়ী অতিরিক্ত ২০, ৪০ অথবা ৭০ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি কাজের অভিজ্ঞতার মেয়াদ অনুযায়ী প্রচলিত নিয়মে প্রাপ্য সিআরএস পয়েন্টও যোগ হবে।
নতুন ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, চাকরির প্রস্তাব নতুন কিংবা আগের নিয়োগকর্তা উভয়ের কাছ থেকেই গ্রহণযোগ্য হতে পারে। একইভাবে নতুন পদ বা আগে থেকেই বিদ্যমান কোনো পদের প্রস্তাবও বিবেচনায় নেওয়া হবে। এসব ক্ষেত্রে এলএমআইএ বাধ্যতামূলক নয়। এমনকি এলএমআইএ থাকলেও সেটির ভিত্তিতে আলাদা অতিরিক্ত পয়েন্ট বা প্রোফাইলে বিশেষ অগ্রাধিকার পাওয়া যাবে না।
তবে আইআরসিসি জানিয়েছে, চাকরির প্রস্তাব অবশ্যই প্রকৃত ও গ্রহণযোগ্য হতে হবে। এ ক্ষেত্রে নিয়োগকর্তার ব্যবসার বৈধতা, সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা, প্রস্তাবিত বেতন, চাকরির শর্ত পূরণের সক্ষমতা এবং আবেদনকারীর সংশ্লিষ্ট কাজের যোগ্যতা যাচাই করা হবে। ভুয়া চাকরির প্রস্তাব বা আবেদনে ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে, নতুন নিয়ম কার্যকরের পর আগে থেকে জমা দেওয়া এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলগুলোর সিআরএস স্কোর স্বয়ংক্রিয়ভাবে পুনর্নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়ায় সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগতে পারে। এ সময় নতুন করে আবেদনকারীদের আমন্ত্রণপত্র দেওয়ার ড্র সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে আইআরসিসি।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মের ফলে কানাডায় উচ্চ বেতনের যোগ্য চাকরির প্রস্তাব রয়েছে এমন প্রার্থীদের জন্য অতিরিক্ত পয়েন্ট অর্জনের সুযোগ তৈরি হয়েছে। তবে শুধু চাকরির প্রস্তাব থাকলেই কানাডার স্থায়ী বসবাসের নিশ্চয়তা পাওয়া যাবে না। আবেদনকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ড্রয়ের সিআরএস কাট-অফ স্কোরের ওপরও আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নির্ভর করবে।


