আইসিসির নিয়মানুযায়ী ম্যাচ চলাকালীন প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস (পিএমও) জোনে টিম ম্যানেজার ছাড়া মোবাইল ফোন রাখার নিয়ম নেই কারো। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও অনুসরণ করা হয় এই নিয়ম। এবার আগামী ৪ মে থেকে ১২ দল নিয়ে ৬ ভেন্যুতে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও থাকছে এই নিয়মের কড়াকড়ি।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, আইসিসির নিয়মানুযায়ী এবারের লিগে পিএমও জোনে কেবল টিম ম্যানেজারের কাছেই থাকবে মোবাইল ফোন।
শনিবার, প্রিমিয়ার লিগের স্পন্সর ঘোষণা ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আগে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এবার একটা জিনিস ইন্ট্রোডিউস হচ্ছে, অ্যান্টি করাপশনের যে রুলস এন্ড রেগুলেশনস আছে সেটা। বিপিএলে আমরা যখন আসি বাস থেকে নামার সাথে সাথে আমাদের ফোন নিয়ে নেওয়া হত। কেবল ম্যানেজারের কাছে একটা ফোন থাকত, কেবল ম্যানেজারই যোগাযোগ করতে পারত। প্লেয়ার, কোচ কারো কাছেই কোনো ফোন থাকত না। এবার এই জিনিসগুলা আমরা এবার থেকেই ইমপ্লিমেন্ট করা শুরু করছি।’
প্রিমিয়ার লিগে এই নিয়ম থাকলেও তার এত কড়াকড়ি ছিল না। তবে এবার বেশ আটঘাট বেঁধেই নামছে বিসিবি ও সিসিডিএম। সাবেক অধিনায়ক তামিম আরো বলেন, ‘অ্যান্টি করাপশন ইউনিটের সাথে যেসব প্রসেস ফলো করতে হয়, সবই করা হচ্ছে। এই জিনিসগুলার প্রতি আমরা খুবই খুবই সিরিয়াস। এখানে কোন ধরনের কোন ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আন্তর্জাতিক ক্রিকেটের আদলে সব করব আমরা।’


