বিয়ে করেছেন ফুটবল দুনিয়ার মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ১১ আগস্ট দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই তারকা।
পর্তুগালের সমুদ্রতীরবর্তী শহর ক্যাসকাইসে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা জুটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তান।
রোনালদো নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেন। হাতে হাত রাখা অবস্থায় দুজনের ছবি প্রকাশ করেন তিনি, যেখানে দুজনের আঙুলেই দেখা যায় বিয়ের আংটি। পোস্টটি প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যে এতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।
তবে বিয়ের আয়োজনের নির্দিষ্ট স্থান এখনো প্রকাশ করেননি এই দম্পতি। ধারণা করা হচ্ছে, ক্যাসকাইসে রোনালদোর নিজস্ব বাসভবনেই ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকতে পারে। বিয়ের অনুষ্ঠান ঘিরে বাড়তি কোনো আয়োজন বা অতিথিদের তালিকা প্রকাশ্যে আনেনি পরিবারটি।
রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু প্রায় এক দশক আগে। মাদ্রিদের একটি গুচি স্টোরে জর্জিনা কাজ করার সময় তাদের পরিচয়। তখন রোনালদো খেলতেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে।

গত বছরের ১১ আগস্ট বাগদানের ঘোষণা দিয়েছিলেন তারা। জর্জিনা তখন একটি বড় আংটির ছবি প্রকাশ করে লিখেছিলেন, তিনি এই জীবনে এবং সব জীবনেই রোনালদোকে বিয়ে করতে রাজি। এক বছর পর একই তারিখে এলো তাদের বিয়ের ঘোষণা।
ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ের পাশাপাশি ফুটবল ক্যারিয়ারেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ৪১ বছর বয়সী রোনালদো। স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও সৌদি আরবের আল নাসর, বিভিন্ন ক্লাবের হয়ে প্রায় এক হাজার গোলের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।
ফুটবল মাঠে দীর্ঘ সাফল্যের পর এবার ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করলেন রোনালদো ও জর্জিনা।


