গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল ‘খোঁজ দ্য সার্চ’ মাধ্যমে চলচ্চিত্রজগতে আসেন। তার সকল ছবিতে নায়িকা ছিলেন স্ত্রী বর্ষা। দুজনের অভিনয় নিয়ে অনেক সমালোচনা হলেও তারা কখনই চলচ্চিত্র ছাড়েননি। তবে এবার চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দিলেন। তবে এ ঘোষণা ‘আপাতত’ বলে জানিয়েছেন অনন্ত।
জানা গেছে, অনন্ত জলিল ও বর্ষার মালিকাধীন এজে গ্রুপ ও এবি গ্রুপের গার্মেন্টেগুলোতে ১২ হাজার কর্মী চাকরি করতেন। নানাবিধ কারণে গ্রুপ দুটির অর্ডার পরিমাণ অনেক কমে গেছে। ফলে তাদেরকে কর্মী ছাঁটাই করতে হয়েছে। বর্তমানে সে সংখ্যা ৪ হাজারে এসে ঠেকেছে।। সংকট কাটানোর আপ্রাণ চেষ্টায় আপাতত ব্যবসার দিকেই মনোযোগ দিয়েছেন এজে।
এ কারণে সিনেমাকে ‘আপাতত বিদায়’ জানালেন অনন্ত জলিল। ব্যবসায় অবস্থা এতটাই খারাপ যে অনন্ত জানালেন, অভিনয় নিয়ে কোনো চিন্তা করছেন না। পেন্ডিং থাকা কাজও শেষ করতে পারছেন না।
‘মোস্ট ওয়েলকাম’, ‘দিন দ্য ডে’ সিনেমাগুলোর এই নায়ক ও প্রযোজক বললেন, সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসার একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় যাওয়া এখন ঠিক হবে না।
অনন্ত জলিল আরও বলেন, যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকে ফোকাস করছি এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও কঠিন অবস্থায় পড়ে যাবো।
২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে সিনেমায় এসেছিলেন অনন্ত জলিল। তখন থেকে তার প্রতিটি সিনেমায় সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা। অনন্ত বলেন, যখন সিনেমা করবো আবার একসঙ্গে করবো, না করলে দুজনের কেউ করবো না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।
অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ দুটি সিনেমা শুটিংয়ে ছিল। জাজের ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ নামের আরেক সিনেমার মহরত হলেও শুটিং হয়নি। এই সিনেমাগুলোর ভবিষ্যৎ কী? অনন্ত বলেন, যদি কখনও ভালো সময় আসে করব, নইলে না।


