জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম শক্তির উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকালে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে কাজী নজরুল ইসলাম অনুপ্রেরণার উৎস ছিলেন। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী মানুষকে রুখে দাঁড়াতে শেখায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘যে কোনো অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে নজরুল আমাদের শিখিয়েছেন। যে কোনো আন্দোলন-সংগ্রামেও নজরুল প্রধান অনুপ্রেরণা।’
জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করে রিজভী বলেন, কাজী নজরুল ইসলামের মতো মহীরুহ প্রতিভা সম্পর্কে যে চর্চা ও অনুশীলন প্রয়োজন, তা আবার শুরু হয়েছে। নজরুলকে তারা নিজেদের প্রেরণা হিসেবে দেখেন বলেও জানান তিনি।
রিজভী আরও বলেন, ‘কাজী নজরুলের লেখনী, সাহিত্যকর্ম ও বাণী বুকে নিয়ে আমরা পথ চলি। নজরুল আমাদের নির্ভয় করেন এবং সামনে এগিয়ে যেতে সাহস জোগান।’
এ সময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনটির নেতা-কর্মীরা।


