সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা পৌনে ৪টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ১ নম্বর বেডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে আটকের পর পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তার বুকের ব্যথা হলে তাকে নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে নেওয়া হয়।
রংপুর মেডিকেলের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. হরিপদ রায় জানিয়েছেন, বুকের ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ইসিজিতে সমস্যা হয়েছে। তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। পরীক্ষা-নিরীক্ষা চলছে, এরপরই বলা যাবে তার প্রকৃত শারীরিক অবস্থা।
তার চিকিৎসার দায়িত্বে থাকা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ‘তিনি এখনো শঙ্কামুক্ত নন। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল আসার পর নিশ্চিত হওয়া যাবে তার এনজিওগ্রাম করতে হবে কি না। তবে মনে হচ্ছে তার হার্ট অ্যাটাক হয়েছে।’
এর আগে বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে নামেন। পরে তাকে ব্যাগ ভর্তি টাকাসহ হেফাজতে নেয় সৈয়দপুর থানা পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই ব্যাগে ৫০ লাখেরও বেশি টাকা আছে, যা তার গার্মেন্টস ব্যবসার।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাজীব হাসান জানান, কাস্টমসের অনাপত্তি থাকায় তাকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে অভ্যন্তরীণ রুটে পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটে কী পরিমাণ টাকা বহন করতে পারবে তার কোনো সীমাবদ্ধতা নেই।
এদিকে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের মিডিয়া বিভাগের দায়িত্বশীল ইনসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ব্যক্তিগত ব্যবসার টাকা নিয়ে তিনি পরিবহন করেছিলেন। এ ব্যাপারে অপতথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তার।
নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, প্রাপ্ত টাকা এবং তার উপস্থাপিত নথিপত্রগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিতে ঘটনাটি হস্তান্তর করা হবে। এরপর সেখান থেকে সিদ্ধান্ত আসবে। তার কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করা হয়েছে।


